Showing posts with label ফাতেমা-তুজ জোহরা বৃষ্টি. Show all posts
Showing posts with label ফাতেমা-তুজ জোহরা বৃষ্টি. Show all posts

Wednesday, June 6, 2018

বৃষ্টি

আহ মিষ্টি !
নরম তুলায়
ভাসে সুখ,
মেঘের ওপারে 
কিছু বৃষ্টি ।

মাখনে কোমলে
যেন স্বাদ
পূর্ণিমা চাঁদে
প্রিয় রাত,
ধোঁয়া ধোঁয়া আবছায়া দৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি,
আহ মিষ্টি! 

রেশমে বুননে 
যেন চাই,
লজ্জায় তবু 
মরে যাই,
গলে পড়ে পাথরের সৃষ্টি,
মেঘের ওপারে কিছু বৃষ্টি, 
আহ মিষ্টি! 

Saturday, June 2, 2018

হারানো বিজ্ঞপ্তি

কই রে আমি?
নাই দেখা নাই
আমার আমি আজ,
খুঁজে বেড়াই নিত্যদিনে
মনের প্রতি ভাঁজ।

মনের ভাঁজে প্রতি কাজে
দ্বিধা এবং দ্বন্দ্ব,
আলোয় পোড়া চোখের ছলে
আমায় সাজায় অন্ধ।

শুনতে যে পাই,
তুমি নাকি
দূর বিদূরে দেখো?
'আমি'হারা আমায় তবে
সেই মধুতে মাখো।

মধুর চাকে দামের বহর,
মিথ্যা সুখের ছাপ,
বিনে কথায়
কথা রটায়,
মস্ত তোমার পাপ।

আমার পাপে তোমার পাপে
দারুন কাটাকাটি,
এবার তবে পেলে আমায়
ঘু্ঁচবে ঘাঁটাঘাঁটি।।

এই দিনটা তাহার

তোমায় ভেবে
রাত্রি জেগে,
হয়নি দেখা
আমার সূর্যোদয়,
রোজ রোজ না-
মাঝে মাঝে
আমার এমন হয়...

সূর্যটা তাই মান করেছে,
দিনটা যে আজ
কেমন ঘোলাটে ,
তোমায় ভেবে
দিনেও যে
চোখ রাখিনি
বইয়ের মলাটে।

অবহেলায় দূর করেছি
আকাশ থেকে
নামা ছোট্ট প্রেম,
তোমায় ভেবে
শুধু তোমায়
দিনটা হলো  
চার দেয়ালের ফ্রেম।।

Friday, June 1, 2018

গিয়েছি হারিয়ে

হতাশায়
মনে হয়-
ভেঙ্গে যাই
গুঁড়িয়ে,
জ্বলে মন
প্রতিক্ষণ-
মারে যে 
পুড়িয়ে।

সময়টা 

চলে যায়-
আমি ঠায়
দাঁড়িয়ে,
হিসেবের
খাতাটা-
রাখে ঋণ
বাড়িয়ে।

আঁধারে

কুয়াশায়,
একা পা-য়
বেড়িয়ে,
দূরন্ত
পথ ধরে,
সীমানা
ছাড়িয়ে-
আসবোনা 
ফিরে আর,
গিয়েছি 
হারিয়ে।।  

প্রিয়তমেষু বুঝে নিও

প্রেয়সী কিছু
আড়ালে থাকে,
মেঘের ওপারে 
নীলের মুখোশে
লুকিয়ে বাঁচে ।

গোপনে আশে

খোপায় বেলীফুল,
কখনো শোনাবে 
'সুনীল' বা 'নজরুল'।

কপট মানে যে 

খুঁজবে আদর 'তার'
প্রেয়সী এমন
বোঝার সাধ্য কার? 

শব্দমানব

যে কিছু পারেনা,
সে কবিতা লিখে ।
নানান শব্দে 
হারানো নিজেকে,
জড়িয়ে রাখে ।

সোজা জিনিস
বিলাসী হয়ে 
ঘুরিয়ে দেখে,
সাধারণ কোন পাখির কাছেও
উড়তে শেখে ।

চলতি স্রোতে ভাসতে গিয়েও
যায় যে বেঁকে।
স্বপ্ন হারা পৃথিবীটা
ছন্দে মাখে ।

যে কিছু পারেনা
সে কবিতা লিখে ।

Thursday, May 31, 2018

তুমি এবং তুমি বলেই

তোমার জন্যে
থরে থরে
বহু মেঘের
কৃষ্ণ রাত,
তোমায় বিনে
এই প্রহরে
হাতে কি আর
থাকবে হাত??

তোমার জন্যে
জলছবিটা
রংতুলিতে
রাঙেনা,
তোমায় ভেবে
আমি জেগে,
ঘুমটা তোমার
ভাঙেনা।

থাকতে পারো
অবিশ্বাসে,
কিন্তু,বরং,
কেন-র দলে,
এমন মধু
সত্যি শুধু
আমিই এবং
আমি বলে।

বিষের দেয়াল
তোমার খেয়াল
ভালোবাসায়
মধুর হোক,
তুমি এবং
তুমি বলেই
এ কবিতায়
আমার ঝোঁক । 

Tuesday, May 22, 2018

প্রশ্রয়, প্রশান্তি আর প্রেম


তুমি আমাকে প্রশ্রয় দিয়ো না -
তোমার যুগল ঠোঁটে চেপে থাকা মুচকি হাসি-
প্রচ্ছন্ন ইশারা হবে আমার কাছে,
তোমার বলে যাওয়া এলোমেলো শব্দ-  
হয়ে যাবে অনবদ্য কবিতা । 

বহুকালের অযত্নে বেড়ে ওঠা হৃদ্যতা-
হঠাৎ যত্নে ব্যাকুল হতে চায়,
তাইতো বলি- 
ওরকম আগ বাড়িয়ে আমার খবর নিয়োনা ।

একটু হেসে বলে যাও যদি- 
শ্রাবণ মেঘের খবর,
আমার ভাবনার নদী 
দু'কুল ছাপিয়ে যায়,
ভেবে বসি,আরে এই বুঝি বরষা এলো!

আবারো বলছি,
হ্যাঁ,তোমাকেই বলছি,
মিনতি করছি,প্রার্থনা করছি,
এভাবে তুমি প্রশ্রয় দিয়ো না,
আমার অজান্তেই সেসব প্রেম হয়ে যাবে!

Monday, May 21, 2018

আজ বিকেলে

অনর্থকেই উষ্ণ ভীষণ মন-
সে খবরটা যে করে হোক
লিখুক, বলুক, ছলকে উঠুক
আকাশ,মাটি ঝলসে উঠুক
তার হৃদয়ে যে করে হোক
জানা প্রয়োজন - 
তার বিরহে এই সময়ে
দীর্ঘ আয়োজন ।

প্রজাপতির পাখায় করে ভর

বসন্ত আজ রইলো উচাটন,
মায়ার সুরে তোমার তরে ওই
আজ বিকেলেই নিবিড় নিমন্ত্রণ ।
কালো মেঘের ডানায় ঝড়ের দাগ,
রক্তে তোমার সম্মোহনী ডাক,
ভাসে যদি আজকে মেঘের দল,
নিন্দুকেরা করুক নিরীক্ষণ,
এই সময়ে তোমার আমার 
খুব গোপনে হারিয়ে যাবার,
বিভোর হবে মধুরিমার 
মিষ্টি আলাপন ।

সমুদ্রের হাতছানি

চলে যেতে চাই, 
মাইকেল ফ্যারাডে কিংবা বেঞ্জামিন ফ্রাংক্লিন,
অথবা এডিসনের আলোকিত শহর ছেড়ে ;
এই শহর আমাকে টানেনা ।

ভুলে যেতে চাই মার্ক জুকারবার্গের নীল রঙ এ রঙিন সময়

কিংবা বিল গেটসের এক্সেল-অফিসের
রোবোটিক হিসাব-নিকাশ ।

যেখানে সূর্যের প্রখর রোদে চলে ক্ষুধা-নিবারণ যজ্ঞ,

চন্দ্রালোকে বিশ্রামে খেলে অপার্থিব শব্দের মায়াজাল,
সেখানে সহজ জীবন, সরল হিসেবে যথেষ্ট 
আঙ্গুলের কড়-
তবে আর দেরী কেন?
চলো চলে যাই, ভুলে যাই ;
শুদ্ধ জলের উন্মাতাল স্রোতে ভেসে বেড়াই অনন্তকাল ।

Sunday, May 20, 2018

তুমি সুন্দর

নিশ্চয়ই বহুবার শুনেছো
তুমি কত সুন্দর !
আমিও যদি বলি
তবে বিরক্ত হবে?
হলে হবে,
আমার তাতে কি?
তোমাকে বিরক্ত না করে 
আমার লাভ কি?

যদি বিরক্ত না করি 

তবে কি নীল দিগন্তের নীলে
আমায় ভাসাবে?
তখন কি পাবো
অবিচল তোমায় দেখার অধিকার?

জানো নিশ্চয়ই, আমার অন্ধকার ভালো লাগে,

তুমি কি সেদিন তবে নিশিবাতি জ্বালবে না?

উত্তর যদি দ্বিধান্বিত- 

তবে আর বিরক্ত করি না কেন?
বারবার বলি শোন, তুমি সুন্দর !

যেদিন তুমি পাশে থাকবে

যেদিন তুমি পাশে থাকবে
দেখে নিও,
একটুও বিরক্ত করবোনা তোমাকে;
আমি ঠিক ঠিক নিকষ কালো অন্ধকারে তোমাকে রেখে
টেবিল ল্যাম্প জ্বালিয়েই পড়তে বসবো ...
এক হাতে তোমার মাথায় হাত বুলাবো,

অন্য হাতে বই-
মাঝে মাঝে বই থেকে চোখ তুলবো,
দেখবো-
মৃদু আলোয় 
পৃথিবীর সকল মায়া যেন 
তোমার মুখে আলো-ছায়ার খেলায় মগ্ন,
দেখবো-
আশ্চর্য এক প্রেমময় নিশীথনিবিড় ঘুম ।